বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ইসহাক সরকার জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে যাচ্ছেন। শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট প্রাঙ্গণে প্রায় তিন হাজার নেতাকর্মী নিয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেবেন তিনি।
দলীয় সূত্রে জানা গেছে, যোগদানের পর ইসহাক সরকারকে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব দেওয়া হবে। তাকে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক করার পরিকল্পনা রয়েছে। এ জন্য বর্তমান আহ্বায়ক আলাউদ্দিন মোহাম্মদ পদত্যাগ করবেন বলে জানা গেছে।
আলাউদ্দিন মোহাম্মদ গণমাধ্যমকে জানান, রাজধানীতে দলের সাংগঠনিক শক্তি বাড়াতে ইসহাক সরকারের মতো নেতার প্রয়োজন রয়েছে। সে কারণেই তিনি পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
ইসহাক সরকার বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও খালেদা জিয়া-র আদর্শ বর্তমানে দলে প্রতিফলিত হচ্ছে না। বরং সেই আদর্শ তিনি এনসিপির মধ্যে দেখতে পাচ্ছেন বলেই নতুন দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
ছাত্রদল ও যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার অতীতে সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন এবং একাধিক মামলার মুখোমুখি হন। পরবর্তীতে কয়েকটি মামলায় আদালত তাকে খালাস দেন।
সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। এর আগেই দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।
এদিকে একই অনুষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত নুরুজ্জামান কাফি ও শিক্ষার্থী অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন রনিও এনসিপিতে যোগ দিতে পারেন বলে জানা গেছে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, দলে যোগদানের ক্ষেত্রে অতীত নয়, বর্তমান অবস্থান ও ভাবমূর্তিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে।

