নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের এমপি পদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি নেতা রাশেদ খান।
সোমবার (১৫ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে রাশেদ খান দাবি করেন, একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে এমপি হান্নান মাসউদ তার হলফনামায় অসত্য তথ্য দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তার ভাষ্য অনুযায়ী, ভবিষ্যতে ব্যবসা ও আয়কর সংক্রান্ত সুবিধা নিতে আইনজীবীর পরামর্শে হলফনামায় কিছু তথ্য পরিবর্তন করা হয়েছিল বলে মাসউদ উল্লেখ করেন।
তিনি আরও দাবি করেন, সংসদ সদস্যের হলফনামায় সম্পদের তথ্য অসত্য হলে তা আইন অনুযায়ী তদন্তের আওতায় আসে এবং প্রমাণিত হলে প্রার্থিতা বা সংসদ সদস্য পদ বাতিলের বিধান রয়েছে।
রাশেদ খান তার পোস্টে আরও বলেন, অতীতে দেওয়া বিভিন্ন বক্তব্য ও হলফনামার তথ্যের মধ্যে অসংগতি রয়েছে বলে তার অভিযোগ। একই সঙ্গে এমপি হান্নান মাসউদের আর্থিক অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

