যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন সমঝোতা স্মারক ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যমে স্বাক্ষরিত হয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স ও এএফপি জানিয়েছে, মার্কিন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের বরাতে জানা যায়, এই চুক্তিতে যুক্তরাষ্ট্রের পক্ষে ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পক্ষে পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ স্বাক্ষর করেছেন।
এএফপিকে দেওয়া এক বক্তব্যে মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, প্রেসিডেন্ট ট্রাম্প নিজে এই চুক্তিতে স্বাক্ষর করার মাধ্যমে প্রক্রিয়াটিকে সফলভাবে সম্পন্ন করার প্রতি তার প্রতিশ্রুতি ও গুরুত্ব প্রকাশ করতে চেয়েছেন।
তবে ওয়াশিংটনের এই দাবি নিয়ে এখন পর্যন্ত ইরান সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ‘ঐতিহাসিক প্রতিরোধ’ শেষে ইরান এখন ‘চূড়ান্ত বিজয়ের পথে’ অগ্রসর হচ্ছে।
এদিকে ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আগামী শুক্রবার সুইজারল্যান্ডে অনুষ্ঠিত আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন। একই সঙ্গে তিনি জানান, সমঝোতা স্মারকের পূর্ণাঙ্গ পাঠ শিগগিরই প্রকাশ করা হবে।
সূত্র: আল জাজিরা

