ইরানের দক্ষিণ ইসফাহান এলাকায় একটি আমেরিকান বিমান বিধ্বস্ত হওয়ার দৃশ্য ও ভূপাতিত সি-১৩০ বিমানের পাইলটের নথি সংবলিত ভিডিও প্রকাশ করেছে দেশটির আইন-প্রয়োগকারী বাহিনী (ফরাজা)।
বুধবার প্রকাশিত ওই ভিডিওতে শত্রু বিমান মোকাবিলায় ইরানি পুলিশের অভিযান সংক্রান্ত নতুন দৃশ্য দেখানো হয়েছে বলে জানানো হয়।
ফরাজার দাবি অনুযায়ী, ৫ এপ্রিল পুলিশের বিশেষ ইউনিটের গুলিতে যুক্তরাষ্ট্রের একটি সহায়তাকারী সি-১৩০ বিমান ভূপাতিত করা হয়।
স্থানীয় সূত্রের বরাতে বলা হয়েছে, বিমানটি ইসফাহান প্রদেশের দক্ষিণাঞ্চলে গুলি করে নামানো হয়।
প্রকাশিত ভিডিওতে বিমানের ধ্বংসাবশেষ, পাইলটের রেখে যাওয়া নথি ও কিছু সরঞ্জামের দৃশ্য রয়েছে। এতে ওই পাইলট একজন নারী ছিলেন বলেও উল্লেখ করা হয়।
ইরানি কর্তৃপক্ষের দাবি, এসব ছবি ও ভিডিও সাম্প্রতিক অভিযানের নতুন তথ্য তুলে ধরছে এবং নিরাপত্তা বাহিনীর প্রস্তুতি ও সক্ষমতার প্রমাণ হিসেবে দেখানো হচ্ছে। সূত্র: তাসনিম নিউজ এজেন্সি।

