মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের ব্যবহৃত ড্রোন সিস্টেমে প্রবেশের দাবি করেছে ইরান-সংশ্লিষ্ট একটি হ্যাকার গ্রুপ। একই সঙ্গে আসন্ন বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে সাইবার ও ড্রোন হামলার হুমকিও দিয়েছে তারা।
শুক্রবার (১২ জুন) মার্কিন সংবাদমাধ্যম সিবিএস, সাইট ইন্টেলিজেন্স গ্রুপের বরাতে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, ‘হানদালা’ নামের ওই হ্যাকার গ্রুপ দাবি করেছে, তারা কয়েক মাস ধরে এফবিআইয়ের ফার্স্ট-পার্সন ভিউ (FPV) ড্রোন সিস্টেমে অনুপ্রবেশ করেছে। এর মাধ্যমে তারা ড্রোনে ধারণ করা ফুটেজ এবং সন্দেহভাজনদের তথ্যেও প্রবেশাধিকার পেয়েছে বলে দাবি করে।
গ্রুপটির ভাষ্য অনুযায়ী, সন্ত্রাসবিরোধী অভিযানে ব্যবহৃত এসব ড্রোনে মুখ শনাক্তকরণ প্রযুক্তি এবং যানবাহনের নম্বর প্লেট শনাক্ত করার সক্ষমতা রয়েছে।
এক বিবৃতিতে তারা আসন্ন বিশ্বকাপকে লক্ষ্য করে সতর্কবার্তাসহ হুমকির সুরে জানায়, নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা উচিত। কারণ, তাদের দাবি অনুযায়ী, এফপিভি ড্রোন যেকোনো স্থানে পৌঁছাতে সক্ষম এবং কখন কোথায় তা ব্যবহার হবে তা পূর্বানুমান করা যায় না।
এদিকে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজনকে ঘিরে স্টেডিয়াম ও সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হচ্ছে। অননুমোদিত ড্রোন উড্ডয়ন ঠেকাতে এফবিআইসহ বিভিন্ন সংস্থা নজরদারি বাড়িয়েছে।
তবে সাইবার নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপ জানিয়েছে, হানদালার এসব দাবির পক্ষে এখন পর্যন্ত নির্ভরযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাদের দাবি করা একটি ভিডিওর সূত্রও পুরনো এবং সেটি মূলত একটি সফটওয়্যারের প্রচারণামূলক উপাদান ছিল।
এর আগে চলতি বছরের মার্চে এফবিআই পরিচালক কাশ প্যাটেলের ইমেইল হ্যাকের দাবিও করেছিল একই গ্রুপ। পরবর্তীতে তাদের শনাক্তে তথ্য দিলে বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

