চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ডা. কেরামত আলী।
মঙ্গলবার (৫ মে) শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. কামাল হোসেন হাসপাতালের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং দ্রুত সমাধানের অনুরোধ জানান। এ সময় এমপি কেরামত আলী বলেন, যেসব সমস্যা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে সমাধান করা সম্ভব, সেগুলো দ্রুত সমাধানের জন্য তিনি ঢাকায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করবেন।
তিনি আরও জানান, ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হাসপাতালটি ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার জন্য আবেদন করা হয়েছে এবং কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে।
এমপি বলেন, “প্রক্রিয়া শুরু হলেই শিবগঞ্জ হাসপাতাল অগ্রাধিকার ভিত্তিতে উন্নীত তালিকায় থাকবে বলে আশা করছি।”
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর শিবগঞ্জ উপজেলা আমির মোঃ সাদিকুল ইসলাম। অনুষ্ঠানে স্থানীয় চিকিৎসক, সুধীজন এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এছাড়া হাসপাতালের উন্নয়ন ও ব্যবস্থাপনা কার্যক্রম তদারকির জন্য ১৫ সদস্য বিশিষ্ট একটি পরিচালনা কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।

