রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি)
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার শিলছড়ি ভেলাফা পাড়া এলাকায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে নবনির্মিত ‘সার্বজনীন বৌদ্ধ বিহার’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে ফিতা কাটা, বুদ্ধ পূজা, পিন্ডদান ও ধর্মসভার মাধ্যমে এই মহতি পুণ্যানুষ্ঠান সম্পন্ন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পার্বত্য চট্টগ্রাম রাজ নিকায় মার্গের ৬ষ্ঠ মহা সংঘনায়ক এবং কাপ্তাই চিংম্রং বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথের। বিহারের উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই ওয়াগ্গা নোয়াপাড়া বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত পূঞঞাওয়াইন্সা মহাথের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রাউজান ধর্মগোদা বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত ঞানাওয়াইন্সা মহাথের।
শুক্রবার সকাল ৯টায় ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। বিহার পরিচালনা কমিটি ও স্থানীয় যুবকদের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের পুষ্পমাল্য দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। অনুষ্ঠানে নবনির্মিত বিহার উৎসর্গ, বুদ্ধমূর্তি দান, পিন্ডদান ও অষ্টপরিষ্কার দানসহ নানাবিধ সঙ্ঘদান অনুষ্ঠিত হয়। উপস্থিত ভিক্ষুসংঘের পক্ষ থেকে আগত ভক্তদের উদ্দেশ্যে হিতোপদেশ ও পবিত্র ধর্মদেশনা প্রদান করা হয়।
নবনির্মিত এই বিহারকে কেন্দ্র করে স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দূর-দূরান্ত থেকে কয়েকশ ধর্মপ্রাণ নর-নারী অনুষ্ঠানে অংশ নিলে বিহার প্রাঙ্গণ ভক্তদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। পুরো আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ভেলাফা পাড়া সার্বজনীন বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকা ও স্থানীয় এলাকাবাসী।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিশ্বের সকল প্রাণীর সুখ ও শান্তি কামনায় বিশেষ প্রার্থনা ও মঙ্গলসূত্র পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

