লিওনেল মেসির রাতটা শুরু হয়েছিল হতাশা দিয়ে। ম্যাচের শুরুতে পেনাল্টি মিস করলেও পরে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে জোড়া গোল করে আর্জেন্টিনাকে ২–০ ব্যবধানে জয়ের স্বাদ এনে দেন তিনি।
ম্যাচ শেষে মেসি জানান, পেনাল্টি মিসের পর পরিস্থিতি যেভাবে বদলেছে, সেটাই ফুটবলের সৌন্দর্য। তিনি বলেন, “সত্যি বলতে এটা যেভাবে হলো সেটা অসাধারণ। পেনাল্টি মিস করেছিলাম, হয়তো সেটা করলে পরের দুটো গোল পেতাম না। কে জানে! তবে জয়ে এবং দলের পারফরম্যান্সে আমি খুশি।”
ব্যক্তিগত রেকর্ডের চেয়ে দলের জয়কেই বেশি গুরুত্ব দেন আর্জেন্টাইন এই তারকা। তার ভাষায়, “সবার আগে জয়ের জন্য খুশি। এটা খুব গুরুত্বপূর্ণ এবং কঠিন একটি জয় ছিল। বিশ্বকাপে প্রতিটি ম্যাচই সমান গুরুত্বপূর্ণ ও কঠিন।”
এই জয়ের ফলে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে এগোচ্ছে লিওনেল স্কালোনির দল।
এর আগে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে সমতা আনার পর এবার এককভাবে নতুন রেকর্ডের দখল নেন মেসি।

