জয়পুরহাট প্রতিনিধি :
জয়পুরহাট সদর উপজেলার বিল্লার দরগা গ্রামে প্রবাসী স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে কথোপকথনের পর চরম আবেগী সিদ্ধান্ত নিয়ে সাকিব (২৫) নামে এক যুবক আত্মহত্যার চেষ্টা করেছেন।
গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (৭ মার্চ) দুপুরে নিজ বাড়ির শয়নকক্ষে এই ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার বিল্লার দরগা গ্রামের রংমিস্ত্রি সাকিব আব্দুল ওয়াহাবের ছেলে। প্রায় তিন বছর আগে পারিবারিকভাবে পাশের ছোট মাঝিপাড়া গ্রামের সুইটি (২০) নামের এক তরুণীর সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের এক বছর পর সংসারের স্বচ্ছলতা ফেরাতে স্ত্রীকে জর্ডান পাঠান সাকিব। এরপর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে দূরত্ব ও মনোমালিন্যের সৃষ্টি হয় বলে পরিবার সূত্রে জানা গেছে।
স্বজনদের দাবি, ঘটনার দিন দুপুরে সাকিব মোবাইল ফোনে স্ত্রীর সঙ্গে কথা বলছিলেন। কথোপকথনের এক পর্যায়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যার চেষ্টা করেন।
পরিবারের সদস্যরা জানান, হঠাৎ বাড়ি থেকে চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
সাকিবের বড় চাচী নিলুফা বিবি বলেন, “দুপুরের দিকে হঠাৎ চিৎকার শুনে আমরা দৌড়ে যাই। গিয়ে দেখি সাকিব গুরুতর আহত অবস্থায় পড়ে আছে। পরে জানতে পারি স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার পরই সে এমন কাজ করেছে।
সাকিবের ফুফু খোতেজা বেগম জানান, সাকিব শান্ত স্বভাবের ছেলে এবং রংমিস্ত্রীর কাজ করে সংসার চালাতেন। সংসারের উন্নতির জন্যই স্ত্রীকে বিদেশে পাঠানো হয়েছিল। কিন্তু বিদেশে যাওয়ার কিছুদিন পর থেকেই তাদের মধ্যে মনোমালিন্য শুরু হয়।
প্রতিবেশী হাফিজুল ইসলাম বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। এমন ঘটনা এই এলাকায় আগে কখনো ঘটেনি।
এ বিষয়ে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. আলমগীর হোসেন বলেন, “রোগীকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

