কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কাপাসিয়ায় ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কাপাসিয়ার বাস্তবায়নে এই বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে উফশী রোপা আমন ধান এবং হাইব্রিড মরিচ চাষের জন্য উপজেলার মোট (৩০০০) হাজার কৃষকের মাঝে এই কৃষি উপকরণ তুলে দেওয়া হয়।
উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না তাসনীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আউলিয়া খাতুন।
বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন খান,উপজেলা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু,পুলিশ পরিদর্শক অপারেশন (আব্দুল বাছেদ),উপজেলা অতিরিক্ত কৃষিবিদ সৈয়দ শাকিল আহমেদ,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অলি ভৌমিক,উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোখলেছুর রহমানসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলার (২৮০০) জন কৃষকের প্রত্যেককে বিঘাপ্রতি ৫ কেজি উফশী রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। এছাড়া ২০০জন কৃষকের প্রত্যেককে ১০ শতক জমির জন্য ১০ গ্রাম হাইব্রিড মরিচের বীজ, ৫ কেজি ডিএপি সার, ৫ কেজি এমওপি সার এবং প্রয়োজনীয় বালাইনাশক বিনামূল্যে প্রদান করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, সরকারের এই কৃষি প্রণোদনা প্রান্তিক কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে ফসল উৎপাদনে দারুণভাবে উৎসাহিত করবে এবং চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা অর্জনে বড় ভূমিকা রাখবে।

