মো. মোস্তাফিজুর রহমান রিপন, ঝালকাঠি জেলা প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে ঝড়ো বাতাসে টিনসেট ঘরের নিচে চাপা পরে চার বছরের এক কন্যা শিশু নিহত হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) বিকালে নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের ডেবরা এলাকায় এ দূর্ঘটনা ঘটেছে।
নিশ্চিত করেছেন নলছিটি থানার ওসি মো. আরিফুল আলম।
নিহত নাফিয়া আক্তার (৪) কুলকাঠি ইউনিয়নের পাওতা এলাকার প্রবাসী মো. নয়ন মোল্লার সন্তান। সে তার মায়ের সাথে নানা বাড়ী বেড়াতে গিয়েছিল।
পরিবার সূত্রে জানা গেছে, সোমবার বিকালে নিহতের নানা মো. নুর আলম ভূইয়া তার বসতঘরের টিন ঠিক করার জন্য ঘরের উপরে উঠলে দমকা হাওয়ায় ঘরটি ভেঙে পরে। এসময় নাফিয়া আক্তার ঘরের নিচে চাপা পরে। স্থানীয়রা তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নলছিটি থানার ওসি আরিফুল আলম বলেন, এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

