আল আমিন হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি:
”অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬’ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার ২০ মে, সকাল সাড়ে ৯টায় পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন প্রাঙ্গণে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফায়ার সার্ভিস সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষণা করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: রিফাতুল হক। তিনি তাঁর বক্তব্যে ফায়ার সার্ভিসের কর্মীদের সাহসিকতার প্রশংসা করেন এবং যেকোনো দুর্যোগে সাধারণ মানুষকে সচেতন ও ফায়ার সার্ভিসকে সহযোগিতা করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো: বাকী বিল্লাহ। তিনি স্টেশনের সার্বিক প্রস্তুতি তুলে ধরেন এবং জানমাল রক্ষায় ফায়ার সার্ভিসের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, পাংশা, রাজবাড়ী কর্তৃক আয়োজিত এই সপ্তাহের মূল লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের মাঝে অগ্নি নির্বাপণ ও দুর্যোগ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি করা। সপ্তাহব্যাপী এই কর্মসূচিতে বিভিন্ন ধরনের মহড়া ও সচেতনতামূলক প্রচারণা চালানো হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

