মিরপুরের প্রিন্স বাজার কে ভোক্তাদের চাহিদা অনুযায়ী পণ্য না দেওয়ার অভিযোগে র্যাবের ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেছে।
শুক্রবার (১৩ মার্চ) সকালে মিরপুর ১ নং সার্কেল আউটলেটে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
র্যাব জানিয়েছে, আউটলেটে সয়াবিন তেলের ৫ লিটারের দুটি কন্টেইনার একসাথে কিনতে হলে গ্রাহকদের ৩ হাজার টাকা বেশি দিতে বাধ্য করা হচ্ছিল। অভিযানের সময় সত্যতা পাওয়া গেছে। আউটলেট কর্মকর্তারা দাবি করেন, এরকম কোনো নির্দেশনা তাদের দেওয়া হয়নি।
পরবর্তীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জুবায়ের বলেন, “এটা প্রথমবারের মতো দেওয়া অর্থদণ্ড। এর মাধ্যমে আমরা সারাদেশে বার্তা দিতে চাই যে, সরকারি নির্দেশনা ছাড়া কোনো রেশনিং চলবে না।”

