নওগাঁ প্রতিনিধি, মোঃ হাবিবুর রহমান:
নওগাঁর মান্দা উপজেলায় সংসদ সদস্য ডা. একরামুল বারী টিপুর বিরুদ্ধে আয়োজিত সাম্প্রতিক একটি সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের একাংশ ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ওই সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগগুলো “ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্যনির্ভর” ছিল, যা জনমনে বিভ্রান্তি তৈরি করেছে।
সংবাদ সম্মেলনে মান্দা থানা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরীর পক্ষে বক্তব্য দেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল। এ সময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক সামছুল ইসলাম বাদল এবং অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎসহ অন্যান্য নেতৃবৃন্দ।
তবে সংবাদ সম্মেলনের পর থেকেই এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। সচেতন মহলের দাবি, যাচাই-বাছাই ছাড়া এমন একপাক্ষিক বক্তব্য রাজনৈতিক পরিবেশকে অস্থির করে তুলছে।
স্থানীয় রাজনৈতিক কর্মীদের একটি অংশ ইতোমধ্যে অভিযোগ তুলে বলেছেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং অসত্য তথ্য প্রচারের দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত, এমনকি বহিষ্কারের দাবিও উঠেছে।
একজন স্থানীয় কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “ব্যক্তিস্বার্থে এমন সংবাদ সম্মেলন দল ও এলাকার জন্য ক্ষতিকর। দ্রুত ব্যবস্থা না নিলে এর প্রভাব দীর্ঘমেয়াদি হবে।
এদিকে সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে এটিকে রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় করার চেষ্টা হিসেবে দেখছেন।
বিশ্লেষকদের মতে, রাজনৈতিক অঙ্গনে দায়িত্বশীল আচরণ ও তথ্য যাচাই ছাড়া বক্তব্য দেওয়া পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

