সত্যজিৎ দাস:
মৌলভীবাজারে সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৭টায় পৌর শহরের সার্কিট হাউস এলাকায় এ জামাত অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় অর্ধশতাধিক নারী-পুরুষ মুসল্লি অংশ নেন।
জামাতে ইমামতি করেন আবদুল মাওফিক চৌধুরী। নামাজ আদায়ের পর খুতবা পাঠ করা হয় এবং দেশ,জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি,কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
ভোরের আলো ফুটতেই মুসল্লিদের উপস্থিতিতে ঈদগাহ প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে। সাদা পাঞ্জাবি, টুপি ও তাকবিরের ধ্বনিতে সৃষ্টি হয় ধর্মীয় ও শান্তিময় পরিবেশ। নামাজ শেষে অনেক মুসল্লি পরিবার-পরিজন ও স্বজনদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলিতে অংশ নেন।
জামাতে অংশ নেওয়া মুসল্লিদের কেউ কেউ বলেন,ঈদ ভিন্ন দিনে হলেও এর মূল তাৎপর্য আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা।
ইমাম আবদুল মাওফিক চৌধুরী জানান,তারা প্রায় ১৫ বছর ধরে সৌদি আরবের সময়সূচি অনুসরণ করে আগাম ঈদ উদযাপন করে আসছেন। ধর্মীয় অনুভূতি ও আবেগঘন পরিবেশে আয়োজিত এ জামাতকে ঘিরে এলাকায় উৎসবমুখর আবহ সৃষ্টি হয়।

