নূর আলম,নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)-এর উদ্যোগে বিনামূল্যে চোখের ছানি অপারেশনের জন্য রোগী বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ জুন উপজেলা পরিষদ মিলনায়তনে এ কার্যক্রমের আয়োজন করা হয়।
দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকিতে থাকা অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে উন্নত চক্ষু সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকার ছানি রোগীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)-এর সহকারী পরিচালক শামছুল আলম খান।
বক্তারা বলেন, ছানি অপারেশনের মাধ্যমে অসংখ্য মানুষ পুনরায় স্বাভাবিক দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সুযোগ পাবেন। তারা এ ধরনের মানবিক উদ্যোগকে সময়োপযোগী ও জনকল্যাণমূলক উল্লেখ করে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সংশ্লিষ্টদের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন।
দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) নেত্রকোণা-২ অঞ্চলের আয়োজনে এবং বিএনএসবি মেডিকেল টিম, ময়মনসিংহের বাস্তবায়নে পরিচালিত এ কার্যক্রমে ছানি অপারেশনের জন্য উপযুক্ত রোগীদের বাছাই করা হয়।
আয়োজকরা জানান, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। তারা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন এবং অন্ধত্ব প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

