ওমর ফারুক, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন এবং শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে আর্ট বাংলাদেশ লিমিটেড আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৬ এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শনিবার (১৬ মে) সকাল ১০টায় নরসিংদী জেলা শিক্ষা অফিসে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর মো. শাহাওয়াত হোসেন খান। সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা শিক্ষা অফিসার এ.এস.এম আব্দুল খালেক।
প্রধান অতিথির বক্তব্যে মো. শাহাওয়াত হোসেন খান বলেন, এসএসসি পরীক্ষা নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি শিক্ষার্থীদের শুধু পরীক্ষার ফলাফলে সীমাবদ্ধ না রেখে নৈতিক ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
তিনি আরও বলেন, চিত্রাঙ্কন প্রতিযোগিতার মতো সৃজনশীল আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশ ও দেশপ্রেম জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সভাপতির বক্তব্যে এ.এস.এম আব্দুল খালেক বলেন, নরসিংদীতে শিক্ষার মান উন্নয়নে জেলা শিক্ষা অফিস ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মননশীলতা ও সৃজনশীল বিকাশে কার্যকর ভূমিকা রাখে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

