মোহাম্মদ মাসুদ মজুমদার:
বর্তমান বিশ্ববাজারের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বাংলাদেশের পোশাক শিল্পকে দ্রুত ডিজিটালাইজেশন ও অটোমেশনের দিকে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন মেট্রো নিটিং অ্যান্ড ডাইং এবং পানাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অমল পোদ্দার।
বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর পূর্বাচলে অবস্থিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত চার দিনব্যাপী ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল টেক্সটাইল, নিটিং অ্যান্ড গার্মেন্টস ইন্ডাস্ট্রি এক্সিবিশন (বিটিকেজি-২০২৬)’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিকেএমইএ সহ-সভাপতি অমল পোদ্দার মেলা পরিদর্শনের পর নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, “দীর্ঘ এক বছর পর আয়োজিত বিটিকেজি মেলায় এসে খুবই ভালো লাগছে। বাংলাদেশের নিট ম্যানুফ্যাকচারার এবং বিকেএমইএ-র সংশ্লিষ্ট সবাই আজ এখানে একত্রিত হয়েছি। এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম, যার জন্য আমরা সারা বছর অপেক্ষা করি।”
অমল পোদ্দার প্রযুক্তির সহজলভ্যতা নিয়ে বলেন, “আগে নতুন প্রযুক্তির যন্ত্রপাতি দেখার বা কেনার জন্য আমাদের বিদেশে যেতে হতো, যা ছিল অত্যন্ত ব্যয়বহুল এবং সময়সাপেক্ষ। এখন ডিজিটাল প্ল্যাটফর্মের কল্যাণে বিদেশি সাপ্লায়াররা নিজেরাই তাদের সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে আমাদের এখানে আসছেন। এতে আমরা সরাসরি মেশিনগুলো দেখতে পারছি, আইডিয়া নিতে পারছি এবং আমাদের খরচ ও কষ্ট দুই-ই কমছে।”
পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় অটোমেশনের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, “বর্তমানে বায়ারদের সাথে প্রাইস নিয়ে যে দরকষাকষি চলে, তাতে টিকে থাকতে হলে উৎপাদন খরচ কমানোর বিকল্প নেই। আর খরচ কমানোর প্রধান উপায় হলো অটোমেশন। উদাহরণস্বরূপ, একটি টি-শার্ট তৈরিতে আগে ২৬টি মেশিন লাগতো। এখন আধুনিক অটোমেশন প্রযুক্তির মাধ্যমে মাত্র ২১-২২টি মেশিনেই সেই কাজ করা সম্ভব হচ্ছে। এই নতুন ডিজিটাল পদ্ধতি আমাদের সক্ষমতা বাড়াবে।”
অমল পোদ্দার আশা প্রকাশ করেন যে, চার দিনের এই বিটিকেজি প্রদর্শনী বাংলাদেশের গার্মেন্টস খাতের আধুনিকায়নে সার্থক ভূমিকা রাখবে এবং বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবে।
উল্লেখ্য, বিকেএমইএ (BKMEA) আয়োজিত এই প্রদর্শনীতে দেশি-বিদেশি অসংখ্য প্রতিষ্ঠান তাদের সর্বাধুনিক টেক্সটাইল ও গার্মেন্টস প্রযুক্তি প্রদর্শন করছে।

