মতিউর রহমান-সহ তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে হবিগঞ্জ আদালতে। মামলাটি করেছেন স্থানীয় একটি এনজিওর নির্বাহী পরিচালক সৈয়দ হুমায়ুন কবির।
বুধবার (৬ মে) দায়ের করা এ মামলায় আরও আসামি করা হয়েছে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রিয়াদুল করিম এবং হবিগঞ্জ প্রতিনিধি হাফিজুর রহমান নিয়নকে। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের দায়িত্ব দিয়েছে জেলা ডিবি পুলিশকে।
অভিযোগে বলা হয়, একটি সংবাদ ও পরবর্তীতে প্রকাশিত ফলোআপ এবং উপসম্পাদকীয়তে এনজিও সংস্থাটির বিরুদ্ধে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য উপস্থাপন করা হয়েছে। এতে সংস্থাটির সুনাম ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতিও হয়েছে বলে দাবি করা হয়।
বাদীপক্ষের দাবি অনুযায়ী, ওই প্রতিবেদনের কারণে সংস্থাটির প্রায় ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। পূর্বে লিগ্যাল নোটিশ পাঠানো হলেও সন্তোষজনক জবাব না পাওয়ায় তারা আদালতের শরণাপন্ন হন।

