ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি দীর্ঘমেয়াদি সমঝোতায় পৌঁছানোর খুব কাছাকাছি অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র—এমন দাবি করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই চুক্তি আগামী সপ্তাহের মধ্যেই সম্পন্ন হতে পারে, আবার আলোচনার জটিলতার কারণে কয়েক মাসও সময় লাগতে পারে।
ভ্যান্স জানান, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগেই এ বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে বলে তিনি মনে করেন।
তার ভাষায়, বর্তমানে যুক্তরাষ্ট্র এমন অবস্থানে রয়েছে যেখানে তারা অর্থনৈতিকভাবে লাভজনক এবং দীর্ঘমেয়াদে কার্যকর একটি সমঝোতায় পৌঁছাতে পারে, যা ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ন্ত্রণে রাখতে সহায়ক হবে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য শুধু বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণ নয়, বরং এমন একটি কাঠামো তৈরি করা যাতে ভবিষ্যতে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের পথে অগ্রসর হতে না পারে।
ভ্যান্স দাবি করেন, ওই লক্ষ্য অর্জনের পথে তারা অনেকটাই এগিয়ে গেছেন, যদিও এখনো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা বাকি রয়েছে।

