মোঃ তামজিদ হোসেন রুবেল | রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৯ নং ভোলাকোট ইউনিয়নের দেহলা গ্রামে মাটি কাটাকে কেন্দ্র করে প্রকাশ্যে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। যুবদল নেতা জাকির ও ছাত্রদল নেতা সাকিবের নেতৃত্বে একদল দুর্বৃত্তের হামলায় অন্তত ৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে আলী হোসেনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে দেহলা গ্রামের মক্কা ব্রিক ফিল্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আলী হোসেন নিজের ফসলি জমিতে কাজ করার সময় দেখতে পান, একদল লোক ট্রলি চালককে মারধর করছে। তিনি প্রতিবাদ করলে হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।
হামলায় আলী হোসেনের ডান কানের প্রায় ৮০ শতাংশ বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাথায় গুরুতর জখম হয়। তাকে প্রথমে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
একই ঘটনায় ট্রলি শ্রমিকদের ওপরও হামলা চালানো হয় এবং গাড়ির চাবি ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।মুরাদ কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, “আমরা আমাদের নিজস্ব পুকুর থেকে মাটি কাটছিলাম। কারও সঙ্গে কোনো বিরোধ ছিল না। বিনা উসকানিতে এ হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।”
তবে অভিযুক্ত জাকির ও সাকিব অভিযোগ অস্বীকার করে ঘটনার ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। স্থানীয়দের দাবি, তাদের নেতৃত্বেই হামলার ঘটনা ঘটে। রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, “ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

