জাতীয় সংসদে “ফ্যাসিবাদের ছায়া” ফিরে এসেছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর আইডিইবি মিলনায়তনে আয়োজিত ১১ দলীয় ঐক্যের ‘গণভোটের রায় বাস্তবায়ন’ বিষয়ক এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বর্তমান সংসদে আগের মতোই কর্তৃত্ববাদী আচরণের পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। এ ধরনের প্রবণতা চলতে থাকলে সরকার রাজনৈতিকভাবে চাপে পড়বে বলেও তিনি সতর্ক করেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে যে আন্দোলন শুরু হয়েছে, তা থেমে যাবে না; বরং সময়ের সঙ্গে আরও বিস্তৃত হবে।
অনুষ্ঠানে বিভিন্ন পেশার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন এবং গণভোটের মাধ্যমে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

