ফেসবুকে রাষ্ট্র ও সরকারবিরোধী পোস্ট করার অভিযোগে আটক ভোলা জেলা জামায়াতে ইসলামীর নারী কর্মী সাওদা সুমি জামিনে মুক্তি পেয়েছেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) ভোলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সৌরভ রায় মিঠু তার জামিন মঞ্জুর করেন।
এর আগে রোববার রাতে নিজ বাসা থেকে তাকে আটক করে পুলিশ এবং সোমবার তাকে ভোলা আদালতে হাজির করা হয়।
ভোলা জেলা পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্র ও সরকারবিরোধী পোস্ট দেওয়ার অভিযোগে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দায় স্বীকার করেন বলে দাবি করেন তিনি। পরে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাকে আদালতে সোপর্দ করা হয়।
তবে আটক করার সময় তিনি জামায়াতের কর্মী কিনা, তা নিশ্চিত ছিল না বলেও জানান পুলিশ সুপার।
এদিকে জেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলা হয়, কোনো ধরনের দালিলিক প্রমাণ ছাড়া তাকে গ্রেফতার করা হয়েছে এবং তার তিন বছরের বাক্প্রতিবন্ধী সন্তান রয়েছে, যে শিশুটি মায়ের সান্নিধ্য ছাড়া অসহায় অবস্থায় রয়েছে।

