নিউইয়র্কের টাইমস স্কোয়ার এবার পহেলা বৈশাখ উদযাপনের জন্য প্রস্তুত। ‘সম্প্রীতির নববর্ষ’—এই স্লোগানকে সামনে রেখে প্রবাসী বাঙালিদের উদ্যোগে আগামী শনিবার (১১ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা বর্ষবরণের মহাউৎসব।
এ বিষয়ে গত ৭ মার্চ, জ্যাকসন হাইটসে নবান্ন রেস্টুরেন্টের পার্টি হলে আয়োজিত একটি মহড়া অনুষ্ঠানে এনআরবি ওয়ার্ল্ডওয়াইডের সভাপতি ও মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশ্বজিত সাহা ঘোষণা দেন, “গত তিন বছরের ধারাবাহিকতায় এবারও টাইমস স্কোয়ারে নববর্ষ উদযাপন হবে। পরদিন রোববার (১২ এপ্রিল) জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় দিনব্যাপী বর্ণাঢ্য বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হবে।”
সভায় সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন অনুষ্ঠানের সঞ্চালনা করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কবি হোসাইন কবির বক্তব্যে বাঙালির অসাম্প্রদায়িক এই উৎসবের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন। এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন গণসংগীত পরিচালক মহিতোষ তালুকদার তাপস, নৃত্যপরিচালক চন্দ্রা ব্যানার্জী এবং ডাউনটাউন ম্যানহাটন বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি তারিকুল ইসলাম বাদল।
এরই মধ্যে সাংস্কৃতিক মহড়া শুরু হয়েছে। শনিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত মহড়ায় নিউইয়র্কের বিভিন্ন বরো থেকে সংগীতপ্রেমী শিল্পীরা অংশ নেন। গণসংগীত শিল্পী ও সংগঠক মহিতোষ তালুকদার তাপস এই মহড়ার পরিচালনা করেন, এবং অনেক শিল্পী অনুষ্ঠানটি সজ্জিত করেন।
বিশ্বজিত সাহা বলেন, “নববর্ষের মূল অনুষ্ঠানের আগে আরও কয়েকটি মহড়া অনুষ্ঠিত হবে। টাইমস স্কোয়ারে পহেলা বৈশাখ উদযাপনের মাধ্যমে বাংলা সংস্কৃতি বিশ্বব্যাপী নতুন নান্দনিক পরিচিতি পাচ্ছে।” তিনি আরও জানান, এই উৎসবে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলা ভাষাভাষী মানুষের পাশাপাশি ভারত, নেপাল, থাইল্যান্ড, লাওসসহ বিভিন্ন দেশের অভিবাসীরাও অংশগ্রহণ করবেন।
আয়োজকরা আশা করছেন, টাইমস স্কোয়ারে বাংলা নববর্ষ উদযাপন প্রবাসী বাঙালিদের ঐক্য ও সম্প্রীতির এক অনন্য প্রতীক হয়ে উঠবে এবং বিশ্বমঞ্চে বাংলা সংস্কৃতির মর্যাদা আরও উজ্জ্বল করবে।

