সত্যজিৎ দাস, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে ৪২ বোতল দেশীয় মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৯।
বুধবার (১৩ মে) সকালে র্যাব-৯,সিপিসি-২ মৌলভীবাজারের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও চা বাগান এলাকায় অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়,সাতগাঁও বাজার এলাকায় অবস্থানকালে তারা খবর পায়,একটি বাড়িতে কয়েকজন মাদক ব্যবসায়ী দেশীয় মদ ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
সংবাদের ভিত্তিতে সকাল আনুমানিক ১০টা ৫৫ মিনিটে র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে একজন ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির দেওয়া তথ্য অনুযায়ী বসতঘরের চৌকির নিচ থেকে ৪২ বোতল দেশীয় মদ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন বাসু দাস (৩৮)। তিনি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও চা বাগান এলাকার মৃত ভানু দাসের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি জানান,তিনি জেলার বিভিন্ন এলাকা থেকে দেশীয় মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে মজুত রেখেছিলেন।
র্যাব জানায়,গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাকে উদ্ধারকৃত আলামতসহ শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

