বলিউডের নতুন সিনেমা ‘ধুরন্ধর’ এখনো ৩০০ কোটি টাকার ক্লাবে প্রবেশের পথে রয়েছে। ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই সিনেমা বক্স অফিসে ইতিমধ্যেই আয় করেছে ২৮৩.৮১ কোটি টাকা, জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা।
তবে বাণিজ্যিক সাফল্যের মাঝেই দুঃসংবাদ পেয়েছেন পরিচালক ও প্রযোজক আদিত্য ধর। সিনেমাটি মধ্যপ্রাচ্যের ছয়টি দেশে নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ দেশগুলো হলো: বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। এই দেশগুলো সিনেমাটিকে মুক্তির অনুমতি দেয়নি ‘পাকিস্তানবিরোধী থিম’ থাকার অভিযোগে।
‘ধুরন্ধর’ একটি স্পাই-থ্রিলারধর্মী চলচ্চিত্র, যা হামজা আলি মাজারি নামের রহস্যময় চরিত্রকে কেন্দ্র করে নির্মিত। সিনেমায় সংসদ বিস্ফোরণ, মুম্বাইয়ের তাজ হোটেল হামলা, বিমান ছিনতাই সহ বিভিন্ন চাঞ্চল্যকর ঘটনার বিষয়বস্তু উঠে এসেছে।
রাজনৈতিকভাবে সংবেদনশীল বিষয়বস্তুর কারণে সিনেমাটির উপসাগরীয় দেশগুলিতে মুক্তি অনুমোদন করা হয়নি। এর আগেও একই কারণে একাধিক হিন্দি সিনেমা এই অঞ্চলে প্রদর্শনের অনুমতি পায়নি।

