দেশের কৃষকরাই বাংলাদেশের মূল শক্তি বলে মন্তব্য করেছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেন, কৃষির উন্নয়ন এবং কৃষকের মর্যাদা বৃদ্ধির মধ্য দিয়েই বাংলাদেশ অর্থনৈতিকভাবে আরও স্বনির্ভর ও শক্তিশালী রাষ্ট্রে পরিণত হবে।
শনিবার (২ মে) দুপুরে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ অডিটোরিয়ামে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, তিনি শুধু কৃষকের সন্তান নন, নিজেও একজন কৃষক। একসময় কৃষকের পরিচয় দিতে অনেকে সংকোচ বোধ করলেও এখন সেই মানসিকতা পরিবর্তন হয়েছে। মানুষ এখন গর্বের সঙ্গে কৃষকের সন্তান হিসেবে নিজেকে পরিচয় দেয়, যা দেশের অগ্রগতিরই প্রতিফলন।
তিনি আরও বলেন, সুস্থ বিতর্কের চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যুক্তি ও বুদ্ধির মাধ্যমেই মানুষ নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে জ্ঞান ও যুক্তির বিকল্প নেই।
অতীত শাসনব্যবস্থার প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, একসময় রাজতন্ত্রে সাধারণ মানুষের প্রতিবাদ করার সুযোগ ছিল না। তবে বর্তমান বিশ্বে ক্ষমতার রাজনীতি, সম্পদ ও প্রভাব নিয়ে নানা ধরনের চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, যা মোকাবিলায় যুক্তি ও কৌশলই প্রধান হাতিয়ার।
কৃষি উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং বাজার ব্যবস্থাকে আরও ভারসাম্যপূর্ণ করা সম্ভব হবে।
অনুষ্ঠানে বিভিন্ন প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী এবং অতিথিরা উপস্থিত ছিলেন। সবশেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

