মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী সম্প্রতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেছেন। সাক্ষাৎটি অনুষ্ঠিত হয় কুয়ালালামপুরের উইসমা পুত্রা-তে আয়োজিত এক ইফতার মাহফিলে।
মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী উতামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসান-এর আমন্ত্রণে মাহফিলের আয়োজন করা হয়েছিল। হাইকমিশনার সাক্ষাৎকালে বাংলাদেশের সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে বিজয়ী দলের নেতাকে অভিনন্দন জানান এবং নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে টেলিফোন করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও হাইকমিশনারকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং দুই দেশের সম্পর্ক উন্নয়নে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। অনুষ্ঠানে মালয়েশিয়ার উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
হাইকমিশনার মনজুরুল করিম এছাড়াও অন্যান্য কূটনীতিকদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন, যা মালয়েশিয়ায় বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়ক হবে।

