দিনাজপুর প্রতিনিধি :
ইনকিলাব মঞ্চের আহবায়ক শরীফ ওসমান হাদীর ওপর সশস্ত্র হামলার ঘটনায় জড়িত সন্ত্রাসীরা যেন সীমান্ত বা সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যেতে না পারে—সে লক্ষ্যে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) সীমান্ত এলাকায় বিশেষ টহল, কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে।
আজ শনিবার দুপুরে ৪২ বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল ফয়সল হাসান খান সংবাদ নিশ্চিত করেছেন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, গত ১২ ডিসেম্বর ২০২৫ তারিখে সংঘটিত ওই গুলিবর্ষণের ঘটনার পরপরই একই দিন সন্ধ্যা থেকে দিনাজপুর ব্যাটালিয়নের অধীন সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়। সীমান্তের ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত ফোর্স মোতায়েনের পাশাপাশি গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
এ বিষয়ে ৪২ বিজিবির সেক্টর কমান্ডার বলেন,
“ইনকিলাব মঞ্চের আহবায়কের ওপর হামলার ঘটনায় যারা জড়িত, তারা যেন কোনোভাবেই সীমান্ত ব্যবহার করে দেশত্যাগ করতে না পারে, সে জন্য আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। সীমান্তজুড়ে টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। কোনো সন্ত্রাসী বা অপরাধীকে ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন,
“বিজিবি শুধু সীমান্ত সুরক্ষাই নয়, সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতেও বদ্ধপরিকর। চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারের পাশাপাশি সন্ত্রাসীদের যেকোনো ধরনের অনুপ্রবেশ বা পলায়ন রোধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি।”
বিজিবি সূত্র জানায়, সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। পাশাপাশি স্থানীয় জনগণের সহায়তা কামনা করে বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় ঘটনার সঙ্গে জড়িত কোনো সন্ত্রাসীকে সনাক্ত করা গেলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ বিজিবি ক্যাম্পে অথবা সংশ্লিষ্ট ইউনিটে তথ্য দেওয়া
৪২ বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, ভবিষ্যতেও কুখ্যাত সন্ত্রাসী, দুষ্কৃতিকারী ও অপরাধীদের সীমান্ত অতিক্রম করে পার্শ্ববর্তী দেশে প্রবেশ বা অনুপ্রবেশ প্রতিরোধে সন্ত্রাসবিরোধী অভিযান, তল্লাশি ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।
বর্ডার গার্ড বাংলাদেশ একটি নিরাপদ, সন্ত্রাসমুক্ত সীমান্ত এবং শান্তিপূর্ণ বাংলাদেশ গঠনে দৃঢ় অঙ্গীকারবদ্ধ থেকে দায়িত্ব পালন করে যাবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য যে গত শুক্রবার সন্ধ্যায় ঢাকা ৮ আসনে নির্বাচনী প্রচারণা কালীন সময়ে সন্ত্রাসী হামলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর উপর সন্ত্রাসী হামলা হয়।

