নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সহিংস পরিস্থিতি সৃষ্টি হওয়ার ঘটনায় আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার (৩০ আগস্ট) রাতে সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাত ৮টার দিকে কাকরাইল এলাকায় দুটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া হয়। এতে বেশ কয়েকজন আহত হন। প্রথমে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালায়, তবে সংঘর্ষ বাড়তে থাকায় তারা সেনাবাহিনীর সহযোগিতা চান। ঘটনাস্থলে গেলে পুলিশ সদস্যদের ওপরও আক্রমণ চালানো হয়, এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
সেনাবাহিনী জানায়, শুরুতে আইনশৃঙ্খলা বাহিনী শান্তিপূর্ণভাবে উভয় পক্ষকে এলাকা ত্যাগের অনুরোধ জানায়। তবে বারবার অনুরোধ সত্ত্বেও কিছু নেতাকর্মী তা উপেক্ষা করে সহিংসতা চালাতে থাকে। রাত ৯টার দিকে মশাল মিছিল বের করে ইটপাটকেল নিক্ষেপ, অগ্নিসংযোগের চেষ্টা এবং বিজয়নগর-নয়াপল্টন এলাকায় জনসাধারণের চলাচল ব্যাহত করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শান্তিপূর্ণ সমাধানের সব চেষ্টা ব্যর্থ হওয়ায় জননিরাপত্তা রক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনী বল প্রয়োগে বাধ্য হয়। এ ঘটনায় সেনাবাহিনীর ৫ জন সদস্য আহত হয়েছেন।
বাংলাদেশ সেনাবাহিনী বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে জানায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সব ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সেনাবাহিনী সরকারের এই অবস্থান পুনর্ব্যক্ত করেছে এবং জননিরাপত্তা ও শান্তি বজায় রাখতে সর্বদা প্রস্তুত থাকার কথা জানিয়েছে।

