জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া শিশু ধর্ষণের মামলায় সিরাতুল ইসলাম মোস্তাকিম রনি নামে এক সেনা সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার ৩০ জুন দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল ও বিশেষ জেলা ও দায়রা জজ আবদুর রহমান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত সিরাতুল ইসলাম মোস্তাকিম রনি আক্কেলপুর উপজেলার তেমারিয়া গ্রামের মাফেজুল ইসলাম ছবুর ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ওই মেয়ের বাবা মালয়েশিয়াতে থাকতেন। সেই সুবাতে সে মাকে নিয়ে আক্কেলপুর উপজেলার তেমারিয়া গ্রামের নানা বাড়িতে থাকতেন। গত ২০২২ সালের ১৪ জুন মেয়েটি বাড়ির পাশে অন্য শিশুদের সাথে খেলাধুলা করছিল। খেলাধুলা শেষে অন্য শিশুরা চলে গেলে সেনা সদস্য ওই মেয়েকে চকলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে তার চাচার বাড়িতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষন করেন এবং ঘটনাটি কাউকে না জানাতে হুমকি দেন। মেয়েটি বাড়িতে আসার পরদিন অসুস্থ হয়ে পড়লে তার পরিবারকে বিষয়টি খুলে বলে। পরবর্তীতে ৫ আগস্ট আক্কেলপুর থানায় মামলা দায়ের করা হয়। এ মামলার শুনানি ও ৮ জনের স্বাক্ষী শেষে আদালত এ রায় দেন।

