এমএ আউয়াল আশিক:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ফুরসাইল এলাকার তালতলা খালের ভাঙনরোধে চলমান পানি উন্নয়ন বোর্ডের উন্নয়ন প্রকল্পকে ঘিরে স্থানীয়দের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে খালের ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা ভাঙন প্রতিরোধে প্রশাসনের বিভিন্ন দপ্তরে আবেদন ও যোগাযোগ করে আসছিলেন। পরবর্তীতে মালখানগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সুরুজ্জামানের উদ্যোগে প্রকল্পটির বাস্তবায়ন প্রক্রিয়া এগিয়ে নেওয়া হয় বলে স্থানীয়দের দাবি।
অভিযোগ রয়েছে, প্রকল্পটি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরে বিভিন্ন ব্যয়ের কথা উল্লেখ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছ থেকে পরিবারপ্রতি ১০ থেকে ২০ হাজার টাকা করে মোট প্রায় ৪ লাখ টাকা সংগ্রহ করা হয়েছে। তবে অভিযোগের বিষয়টি অস্বীকার করেছেন সংশ্লিষ্ট ব্যক্তি।
স্থানীয়দের ভাষ্য, খালের পূর্ব পাশে প্রথম ধাপে ১৩৪ মিটার এলাকায় ভাঙনরোধের কাজ ধীরগতিতে চলছে। দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করে ভাঙন ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে স্বস্তি দেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে মুন্সীগঞ্জ পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আখলাক উল জামিল বলেন, “আমাদের অফিসে কাজ করতে কোনো ধরনের সুবিধা দেওয়ার প্রয়োজন হয় না। প্যানেল চেয়ারম্যান যদি ব্যক্তিগতভাবে এমন কিছু করে থাকেন, সেটি তার নিজস্ব বিষয়। তবে অভিযোগ সত্য হলে তা দুঃখজনক।”
অন্যদিকে, প্যানেল চেয়ারম্যান সুরুজ্জামান অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি কোনো টাকা নিইনি। প্রকল্পটি আনার জন্য কিছু দৌড়ঝাঁপ করেছি, তবে অর্থ নেওয়ার অভিযোগের কোনো ভিত্তি নেই।”
এ ঘটনায় স্থানীয়রা প্রকল্পের কাজ দ্রুত শেষ করা এবং অর্থ আদায়ের অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

