এস কে রাসেল, দৌলতপুর মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ আব্দুল হালিম শাওন। তার এই ঘোষণার পর থেকেই এলাকাজুড়ে আলোচনা-উৎসাহের সৃষ্টি হয়েছে।
আব্দুল হালিম দীর্ঘদিন ধরে জিয়নপুর ইউনিয়নের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা উন্নয়ন, মসজিদ-মাদরাসা সহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অবদান রাখার জন্য তিনি স্থানীয়দের কাছে একজন পরিচিত ও আস্থাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত।
প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে আব্দুল হালিম বলেন, “আমি সবসময় মানুষের সেবা করার চেষ্টা করেছি। জিয়নপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে আমি চেয়ারম্যান পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জনবান্ধব একটি ইউনিয়ন গড়ে তুলবো ইনশাআল্লাহ।
স্থানীয় বাসিন্দাদের অনেকেই তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, আব্দুল হালিম নির্বাচিত হলে জিয়নপুর ইউনিয়নে উন্নয়নের ধারা আরও বেগবান হবে এবং সাধারণ মানুষের সেবা নিশ্চিত হবে।
উল্লেখ্য, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে প্রচার-প্রচারণা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় আব্দুল হালিমের প্রার্থীতা ঘোষণা নতুন মাত্রা যোগ করেছে জিয়নপুর ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে।

