“বয়স শুধু একটি সংখ্যা মাত্র”—এই প্রবাদটিকে বাস্তবে রূপ দিয়ে বয়সের বিশাল ব্যবধান ঘুচিয়ে বিয়ের পিঁড়িতে বসেছেন এক দম্পতি। ৭০ বছর বয়সী এক বৃদ্ধের সাথে ২২ বছর বয়সী এক তরুণীর এই অসম বিয়ের খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক গণমাধ্যমে শুরু হয়েছে তুমুল বিতর্ক ও কৌতূহল। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের রাওয়ালপিন্ডির চাকলালা এলাকায়।
বিয়ের খবর ভাইরাল হওয়ার পর ৭০ বছর বয়সী হাকিম বাবর জিয়া জানান, তাঁদের এই পরিণয় একইসাথে পারিবারিকভাবে এবং নিজেদের পছন্দে হয়েছে। তিনি বলেন, ‘আমরা একে অপরকে পছন্দ করার পর পারিবারিকভাবে নিকাহর মাধ্যমে বিষয়টি সম্পন্ন করেছি।’
সমালোচনার জবাবে বাবর জিয়া যুক্তি দিয়ে বলেন, মানুষের বয়স নয় বরং মনটাই আসল। তাঁর স্ত্রী একজন তালাকপ্রাপ্ত নারী ছিলেন উল্লেখ করে তিনি বলেন, ‘এটি আল্লাহর হুকুম এবং নবী করিম (সা.)-এর সুন্নাহ। আমি কোনো পাপ করিনি, ব্যভিচার করিনি। অথচ যারা সমালোচনা করছে, তাদের অনেকেই অবৈধ সম্পর্কে জড়ায় কিন্তু বিয়ের সাহস পায় না।’
বাবর জিয়ার নতুন স্ত্রীও স্বামীর সুরেই কথা বলেছেন। তাঁর মতে, সত্যিকারের ভালোবাসা থাকলে বয়স কোনো বাধা হতে পারে না। কাউকে ভালোবেসে ফেললে দেরি না করে বিয়ে করাই উত্তম। এই দম্পতি জানিয়েছেন, আগামী ঈদুল ফিতরের পর তাঁরা ওমরাহ পালন করতে যাবেন এবং এরপর নেদারল্যান্ডস ভ্রমণের পরিকল্পনা রয়েছে তাঁদের।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিয়ে নিয়ে জনমত বিভক্ত। একদল যেমন ৪৮ বছরের এই বিশাল ব্যবধান নিয়ে নেতিবাচক মন্তব্য করছেন, অন্যদল আবার অবৈধ সম্পর্কের বিপরীতে বিয়ের মাধ্যমে বৈধ সম্পর্ক স্থাপনকে সাধুবাদ জানাচ্ছেন। সব মিলিয়ে বাবর জিয়া ও তাঁর তরুণী স্ত্রীর এই দাম্পত্য এখন টক অব দ্য টাউন।

