জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ মঙ্গলবার (৬ জানুয়ারি) শেষ হয়েছে। সকাল ৯টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলেছে দুপুর ৩টার পরে পর্যন্ত। নির্বাচনী সূচি অনুযায়ী ৩টার পর প্রধান ফটক বন্ধ করা হলেও লাইনে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীরা ভোট দিতে পারেছেন।
ভোটগ্রহণ শেষে সব ব্যালট বক্স বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে নিয়ে গিয়ে গণনা কার্যক্রম শুরু হবে। জকসু নির্বাচনে ৩৯টি কেন্দ্রে ১৬,৬৪৫ জন ভোটারের ভোট প্রদানের ব্যবস্থা করা হয়, আর হল সংসদ নির্বাচনে ১,২৪২ ভোটার অংশগ্রহণ করেছেন।
নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ক্যাম্পাসে আইনশৃঙ্খলা বাহিনী, র্যাব ও গোয়েন্দা সদস্য মোতায়েন থাকলেও ডগ স্কোয়াডের উপস্থিতিও লক্ষ্য করা গেছে। সামনের বাহাদুর শাহ পার্কে পুলিশের অস্থায়ী কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।
ওয়েবসাইটে প্রকাশিত প্রার্থী তালিকা অনুযায়ী বিভিন্ন সম্পাদকীয় ও সদস্য পদে ৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পদ অনুযায়ী প্রার্থী সংখ্যা: মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র-৪, শিক্ষা ও গবেষণা-৯, বিজ্ঞান ও প্রযুক্তি-৫, স্বাস্থ্য ও পরিবেশ-৫, আইন ও মানবাধিকার-৪, আন্তর্জাতিক-৮, সাহিত্য ও সংস্কৃতি-৭, ক্রীড়া-৭, পরিবহন-৪, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ-১০, পাঠাগার ও সেমিনার-৭ এবং সদস্য-৭।

