২০২৬ সাল হতে যাচ্ছে শান্ত, ধীর ও অর্থবহ ভ্রমণের বছর। অতিরিক্ত ভিড়, তাড়াহুড়ো আর অ্যালগরিদমনির্ভর পরিকল্পনার বাইরে গিয়ে পর্যটকেরা এবার খুঁজবেন নিরিবিলি পরিবেশ, ব্যক্তিকেন্দ্রিক অভিজ্ঞতা ও মানসিক প্রশান্তি। পর্যটন বিশ্লেষকদের মতে, নতুন বছরে বিশ্বজুড়ে ভ্রমণশিল্পে সাতটি ট্রেন্ড স্পষ্টভাবে উঠে আসবে।
১. নীরবতাযাপন বা ‘কোয়ায়েটকেশন’
ডিজিটাল ক্লান্তি ও সার্বক্ষণিক অনলাইনে থাকার চাপ থেকে মুক্তি পেতে পর্যটকেরা ঝুঁকছেন নীরব ও নিরিবিলি ভ্রমণের দিকে। ‘কোয়ায়েটকেশন’ বা ‘হাশপিটালিটি’ নামের এই ট্রেন্ডে আরাম, নিস্তব্ধতা ও আত্মসংযোগই মুখ্য।
২. জেনারেটিভ এআইয়ের ব্যবহার বৃদ্ধি
ভ্রমণ পরিকল্পনা, বুকিং, রিয়েল-টাইম অনুবাদ ও ডিজিটাল চেক-ইনের ক্ষেত্রে জেনারেটিভ এআইয়ের ব্যবহার আরও বাড়বে। এতে ভ্রমণের প্রশাসনিক ঝামেলা কমলেও ওভারট্যুরিজম ও অনলাইন প্রতারণার ঝুঁকিও বাড়তে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।
৩. সিদ্ধান্তহীন ভ্রমণ
‘ডিসিশন ফ্যাটিগ’ থেকে মুক্তি পেতে পর্যটকেরা এমন ভ্রমণ বেছে নিচ্ছেন, যেখানে সব পরিকল্পনার দায়িত্ব অন্যের ওপর ছেড়ে দেওয়া যায়। সাজানো-গোছানো, ঝামেলাহীন ভ্রমণের চাহিদা বাড়ছে।
৪. আকাশপথের বদলে সড়কপথ
রোড ট্রিপ আবার জনপ্রিয় হয়ে উঠছে। খোলা রাস্তায় গাড়ি চালিয়ে ভ্রমণ একদিকে যেমন স্বাধীনতার অনুভূতি দিচ্ছে, অন্যদিকে অনেকের কাছে এটি খরচ সাশ্রয়ী বিকল্প হিসেবেও বিবেচিত হচ্ছে।
৫. অতিমাত্রায় ব্যক্তিকেন্দ্রিক অভিজ্ঞতা
একই ধরনের প্যাকেজ ট্যুরের জায়গা নিচ্ছে জীবনঘনিষ্ঠ ও মানসিক চাহিদাভিত্তিক ভ্রমণ। বিচ্ছেদের পর মানসিক পুনরুদ্ধার, শোক কাটিয়ে ওঠা, দাম্পত্য সম্পর্ক জোরদার বা বিশেষ আগ্রহভিত্তিক ট্যুর—সবই এখন পর্যটন শিল্পের নতুন ক্ষেত্র।
৬. ভিড় এড়িয়ে অচেনা গন্তব্যে ঝোঁক
‘অ্যান্টি-ইনস্টাগ্রাম’ মানসিকতার পর্যটকেরা জনপ্রিয় ও অতিভিড়পূর্ণ স্থান ছেড়ে ঝুঁকছেন তুলনামূলক অচেনা, অফ-গ্রিড ও নিরিবিলি গন্তব্যের দিকে।
৭. অর্থবহ ও সাংস্কৃতিক ভ্রমণ
সাহিত্য, বই, সিনেমা ও সৃজনশীলতার সঙ্গে যুক্ত ভ্রমণের চাহিদা বাড়ছে। ‘সেট-জেটিং’ ও সাহিত্যভিত্তিক ভ্রমণ এখন শুধুই বিনোদন নয়, বরং সংস্কৃতি ও গল্পের সঙ্গে সংযোগের মাধ্যম হয়ে উঠছে।
বিশেষজ্ঞদের মতে, ২০২৬ সালের ভ্রমণ মানে শুধু নতুন জায়গা দেখা নয়—বরং নিজের ভেতরে ফিরে যাওয়ার এক নতুন যাত্রা।

