ঢাকা-১৫ আসনে আসন্ন নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী এ সিদ্ধান্ত জানান।
একই আসনে বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে। তবে দলীয় মনোনয়ন সংক্রান্ত ত্রুটির কারণে সিপিবির প্রার্থী আহাম্মদ সাজেদুল হক রুবেলের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী বলেন, প্রয়োজনীয় কাগজপত্র সঠিক থাকায় এবং কোনো আপত্তি না থাকায় জামায়াতের ডা. মো. শফিকুর রহমান, বিএনপির শফিকুল ইসলাম খান, বাংলাদেশ জাসদের মো. আশফাকুর রহমান, জনতার দলের খান শোয়েব আমানউল্লাহ এবং গণফোরামের একেএম শফিকুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
তিনি আরও জানান, দলীয় মনোনয়নপত্র যথাযথ না হওয়ায় সিপিবির রুবেলের পাশাপাশি বাংলাদেশ সুপ্রিম পার্টির মোবারক হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী তানজিল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এদিকে জাতীয় পার্টির প্রার্থী শামসুল হকের বিরুদ্ধে থাকা মামলার তথ্য পর্যালোচনার পর তার মনোনয়নপত্রের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে বলে জানান রিটার্নিং কর্মকর্তা।
নির্বাচন তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি।
চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

