ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত ৯টি আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করতে ব্যর্থ হয়েছে। রানওয়ে দৃশ্যমান না হওয়ায় নিরাপত্তার স্বার্থে এই ফ্লাইটগুলোকে বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কুয়াশার কারণে ৪টি ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দরে, ৪টি ফ্লাইট কলকাতা বিমানবন্দরে এবং ১টি ফ্লাইট ব্যাংকক বিমানবন্দরে অবতরণ করেছে।
এসএম রাগীব সামাদ আরও জানান, আবহাওয়া স্বাভাবিক হলে সকাল ৯টার পর থেকে সকল ফ্লাইট অপারেশন পুনরায় স্বাভাবিকভাবে শুরু হয়েছে। ডাইভারশন হওয়া ফ্লাইটগুলোকে ধাপে ধাপে ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে।
রাজধানীসহ দেশের অন্যান্য অঞ্চলেও শীত ও ঘন কুয়াশার প্রভাব দেখা যাচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচদিন দেশের আবহাওয়ায় কুয়াশা এবং শীতের প্রভাব অব্যাহত থাকতে পারে। বিশেষত মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়া পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের মধ্যে তাপমাত্রা আরও কমতে পারে।

