আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়–১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। মনোনয়নপত্র তিনি সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দাখিল করেন।
নির্বাচনি হলফনামা অনুযায়ী, সারজিস আলমের ২০২৫–২৬ অর্থবছরের আয়কর রিটার্নে মোট আয় ২৮ লাখ ৫ হাজার টাকা দেখানো হয়েছে। মোট সম্পদের মূল্য ৩৩ লাখ ৭৩ হাজার ৬২৮ টাকা। তিনি আয়কর হিসেবে ৫২ হাজার ৫০০ টাকা পরিশোধ করেছেন।
হলফনামায় উল্লেখ করা হয়েছে, তার হাতে নগদ ৩ লাখ ১১ হাজার ১২৮ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থ ১ লাখ টাকা। দানসূত্রে প্রাপ্ত ১৬.৫০ শতক কৃষিজমি রয়েছে, যা অর্জনের সময় ৭ হাজার ৫০০ টাকার, বর্তমানে আনুমানিক ৫ লাখ টাকার মূল্যমান রয়েছে।
বার্ষিক ব্যবসায়িক আয় ৯ লাখ টাকা। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর (মাস্টার্স) হিসেবে দেখানো হয়েছে। আইনি তথ্য অনুযায়ী, তার নামে একটি মামলা বর্তমানে তদন্তাধীন। তার কোনো বন্ড, ঋণপত্র বা শেয়ার নেই। আসবাবপত্র ও ইলেকট্রনিক সামগ্রীর মূল্য যথাক্রমে ৭৫ হাজার টাকা। এছাড়া কোনো বাড়ি, ভবন বা আগ্নেয়াস্ত্র নেই।
পঞ্চগড়–১ আসনে প্রতিদ্বন্দ্বিতা বেশ কড়া। এই আসনের অন্যান্য প্রার্থীরা হলেন—বিএনপি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির, বাংলাদেশ জাসদের নাজমুল হক প্রধান, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর মুখপাত্র আল রাশেদ প্রধান, গণঅধিকার পরিষদের মো. মাহাফুজুর রহমান, বাংলাদেশ লেবার পার্টির মো. ফেরদৌস আলম, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের মো. সিরাজুল ইসলাম এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. আব্দুল ওয়াদুদ বাদশা।

