প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আনুমানিক দুপুর ১২টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং মঙ্গলবার সকালে এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে।
প্রেস উইং জানায়, প্রধান উপদেষ্টার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার একযোগে সম্প্রচার করবে, যাতে দেশবাসী সরাসরি তার বক্তব্য শুনতে পারে।
এর আগে মঙ্গলবার সকাল ৬টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।
খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এক শোকবার্তায় তিনি বলেন,
“বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি তার এক মহান অভিভাবককে হারাল।”
তিনি আরও বলেন, এই বরেণ্য নেত্রীর প্রয়াণে তিনি ব্যক্তিগতভাবে গভীরভাবে শোকাহত ও মর্মাহত।
রাজনৈতিক অঙ্গন ও দেশব্যাপী শোকের আবহে প্রধান উপদেষ্টার এই জাতির উদ্দেশে ভাষণকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

