চাঁদপুরের মেঘনা নদীতে জাকির সম্রাট-৩ ও অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় বরিশাল নৌপুলিশ শুক্রবার সকালে ঝালকাঠি টার্মিনালে ‘এ্যাডভেঞ্চার-৯’ লঞ্চ আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৪ ডিসেম্বর) ঝালকাঠি-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইলেন ভুট্টো ওই লঞ্চে নেতাকর্মীদের নিয়ে তারেক জিয়ার সমাবেশে গিয়েছিলেন। দুর্ঘটনা ঘটেছে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ঢাকা ফেরার পথে।
বরিশাল নৌপুলিশের পুলিশ সুপার নাজমুল হক জানিয়েছেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা লঞ্চটি আটক করেছি। খোঁজ খবর নিয়ে দেখা হচ্ছে কীভাবে এই সংঘর্ষ ঘটেছে।”
ঝালকাঠি সদর থানার ওসি ইমতিয়াজ মাহমুদ বলেন, লঞ্চ নোঙ্গর করার পর সারেং, সুকানী, সুপারভাইজার ও ইঞ্জিন চালক পালিয়ে গেছেন। বর্তমানে পুলিশের হেফাজতে থাকা চারজন কেবিন বয়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
লঞ্চটি মূলত ইলেন ভুট্টো’র নেতাকর্মীদের ঢাকায় তারেক জিয়ার জনসভায় নেওয়ার জন্য ভাড়া করা হয়েছিল, জানিয়েছে তার ব্যক্তিগত সহকারী নাজমুল হক লাবলু।

