বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের পর মেয়াদের মাঝামাঝি সময়ে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) হোয়াটসঅ্যাপ সাক্ষাৎকারে তিনি এই তথ্য রয়টার্স কে জানিয়েছেন।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূস এর নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারে তিনি ‘অপমানিত বোধ’ করছেন। তিনি জানান, নির্বাচন না হওয়া পর্যন্ত নিজের সাংবিধানিক দায়িত্ব পালন করা প্রয়োজন, তবে এরপর তিনি পদত্যাগ করতে আগ্রহী।
রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রপতি হিসেবে সাহাবুদ্দিন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হলেও তার কার্যকারিতা মূলত আনুষ্ঠানিক। বাস্তবিকভাবে দেশ পরিচালনার ক্ষমতা প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার হাতে থাকে।
৭৫ বছর বয়সী সাহাবুদ্দিন ২০২৩ সালে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন। তবে তিনি জানিয়েছেন, ড. ইউনূস প্রায় সাত মাস ধরে তার সঙ্গে দেখা করেননি এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি দূতাবাসে তার প্রতিকৃতি সরিয়ে ফেলা হয়েছে, যা তাকে ‘অপমানিত’ বোধ করাচ্ছে।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়া এবং সংসদ ভেঙে যাওয়ার পর রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে শেষ কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।

