ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানকে প্রকাশ্যে ধমক দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। মঙ্গলবার বিকেলে ভিসির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এ ঘটনা ঘটে।
সাক্ষাৎকালে বিএনপিপন্থি শিক্ষকদের উপস্থিতিতেই ক্ষুব্ধ ভঙ্গিতে কথা বলেন গণেশ। তিনি উপাচার্যের প্রতি কঠোর সমালোচনা চালান এবং বলেন, “আজ নারী শিক্ষার্থীরা বাইরে থেকে আসল, বাসগুলো কম আসল; আপনি বুঝেন না এটা ডাকসু নির্বাচন?” এ সময় টেবিল চাপড়ে ভিসিকে ধমক দেন তিনি।
ঘটনার একপর্যায়ে কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির গণেশকে শান্ত করার চেষ্টা করেন।
জবাবে উপাচার্য নিয়াজ আহমেদ খান গণেশকে উদ্দেশ্য করে বলেন, “আপনি চুপচাপ বসে যান।”
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন সাবেক অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. লুৎফর রহমান, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান এবং সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান।

