বাংলা গানের কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমীনকে সম্মাননা জানাল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রয়াত গবেষক ও লেখক বদরুদ্দিন উমরকে স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর প্রদর্শিত হয় কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীনকে নিয়ে নির্মিত ডকুমেন্টারি ‘শুধু গান গেয়ে পরিচয়’। শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীরা পরিবেশন করেন সমবেত নৃত্য ‘গীতিময় সেই দিন চিরদিন বুঝি আর এলো না’।
শিল্পীর জন্মদিন উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, “যার গান শুনে আমরা সময়ের সাথে হেঁটেছি, যার কণ্ঠ আমাদের আপ্লুত করেছে, তিনি বাংলা গানের পাখি সাবিনা ইয়াসমীন।”
শিল্পীকে সম্মাননা প্রদান করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ ও সংস্কৃতি বিষয়ক সচিব মো. মফিদুর রহমান।
ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, “অর্ধশতকেরও বেশি সময় ধরে সংগীতের আকাশে সাবিনা ইয়াসমীনের কণ্ঠ ভেসে আসছে। তিনি চলচ্চিত্র, বেতার–টেলিভিশন ও মানুষের হৃদয়ে অমলিন ছাপ রেখে গেছেন।”
শিল্পীকে নিয়ে স্মৃতিচারণ করেন ফেরদৌস আরা, নকিব খান, পার্থ বড়ুয়া, খুরশীদ আলম, রফিকুল আলম ও আবিদা সুলতানা।
পরে একক সংগীতানুষ্ঠানে সাবিনা ইয়াসমীন পরিবেশন করেন ‘শুধু গান গেয়ে পরিচয়’, ‘জন্ম আমার ধন্য হলো’, ‘আমি রজনীগন্ধা ফুলের মত’, ‘তুমি ফুলকে বলো চলে যেতে’, ‘কত সাধনায় এমন ভাগ্য পেলে’সহ জনপ্রিয় গান। সঞ্চালনা করেন অভিনেতা আফজাল হোসেন।
বাংলা গানের গৌরব সাবিনা ইয়াসমীন ১৯৫৪ সালের ৪ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। এরই মধ্যে তিনি ১৬ হাজারেরও বেশি গান রেকর্ড করেছেন, যার অধিকাংশ চলচ্চিত্রের গান। একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত এ শিল্পী ১৫ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে রেকর্ড গড়েছেন।

