নিজস্ব প্রতিবেদক:
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর গুরুতর আহত অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, “নাক ফেটে গেছে, চোখের অবস্থা খুবই খারাপ, হাত ভেঙে গেছে। এখন মুমূর্ষু অবস্থায় আছে—বাঁচবে কি মরবে, আমি জানি না।”
শুক্রবার (২৯ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে রাজধানীর কাকরাইলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রাশেদ খান দাবি করেন, এ ঘটনায় তাঁর নিজের ওপরও হামলা হয়েছে এবং দলের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।
তিনি বলেন, “আমরা যখন জাতীয় পার্টির কার্যালয়ের সামনে দিয়ে মিছিল নিয়ে যাই, তখন তাদের অফিস থেকে প্রথম দফা হামলা চালানো হয়। এর প্রতিবাদে আমরা মশাল মিছিল করি। পরে যখন মিছিল আবার এগিয়ে যায়, তখন দ্বিতীয় দফা হামলা চালানো হয়।”
রাশেদ আরও জানান, রাত সাড়ে ৯টার দিকে তাঁরা প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেছিলেন। তবে সেটি শুরু হওয়ার আগেই আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে তাঁদের ওপর লাঠিচার্জ করে। তিনি প্রশ্ন তোলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পরও কেন এই হামলা হলো, সেটা বুঝে উঠতে পারছি না।”
সরকারকে অভিযুক্ত করে রাশেদ খান বলেন, “এই সরকার জাতীয় পার্টিকে নিরাপত্তা দিচ্ছে। আমরা ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, সেই না থাকলে আজকের গণঅভ্যুত্থান গড়ে উঠত না।”

