যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। এমপি গোলাম রসুলের মেয়ে মেহেজাবিন জান্নাত অনন্যার বিরুদ্ধে বেপরোয়া আচরণ ও স্থানীয়দের ওপর হামলার অভিযোগে এ কর্মসূচি পালন করা হয়।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টার দিকে যশোর শহরের নীলগঞ্জ সুপারি বাগান এলাকায় অবস্থিত এমপির বাড়ি ঘেরাও করে এলাকাটির বিক্ষুব্ধ বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার এমপি গোলাম রসুলের বাড়ির বিপরীত পাশে অবস্থিত ‘আল মাদ্রাসাতুল শারইয়্যাহ’ নামের একটি প্রতিষ্ঠানের শিশুদের মারধর করেন এমপির মেয়ে অনন্যা। পরদিন মঙ্গলবার সকালে তিনি পুনরায় শিশু ও অভিভাবকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং চড়াও হন। একপর্যায়ে এক অভিভাবককে তালা দিয়ে মাথায় আঘাত করেন বলে অভিযোগ ওঠে।
এ ঘটনা জানাজানি হলে চরম ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা সংঘবদ্ধ হয়ে এমপির বাড়ি ঘেরাও করেন। এ সময় বিক্ষুব্ধ জনতার মধ্য থেকে অনেকে বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালান এবং ইটপাটকেল নিক্ষেপ করে জানালার গ্লাস ভেঙে দেন। স্থানীয়দের দাবি, অবিলম্বে সংসদ সদস্য ও তাঁর অভিযুক্ত মেয়েকে গ্রেপ্তার করতে হবে।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ। এ বিষয়ে যশোর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, এমপির পরিবারের সঙ্গে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে থেকে উভয় পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছে।

