সত্যজিৎ দাস (মৌলভীবাজার):
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত একটি লজ্জাবতী বানর উদ্ধার করে প্রাথমিক সেবাশুশ্রূষার পর বন বিভাগের কাছে হস্তান্তর করেছেন চা শ্রমিকরা।
রবিবার (২৬ জুলাই) সকালে শ্রীমঙ্গল উপজেলার জেরিন চা বাগানে কাজে যাওয়ার পথে কয়েকজন চা শ্রমিক রাস্তার পাশে একটি লজ্জাবতী বানরকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তারা প্রাণীটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে প্রাথমিক সেবাশুশ্রূষা করেন।
চা শ্রমিক খোকন মাদ্রাজি ও সাগর কাহার জানান,বানরটির শরীরে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার স্পষ্ট চিহ্ন ছিল। তাদের ধারণা,বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণীটি গুরুতর আহত হয়েছে। পরে তারা আহত লজ্জাবতী বানরটিকে শ্রীমঙ্গল রেঞ্জ অফিসে নিয়ে বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট তাজুল ইসলাম জানান,সকালে আহত লজ্জাবতী বানরটিকে তাদের কাছে হস্তান্তর করা হয়। পরে সেটিকে উদ্ধারকেন্দ্রে নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে,প্রাণীটির শরীরের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। বর্তমানে প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যা চলছে।
তিনি আরও জানান,বানরটির শারীরিক অবস্থার উন্নতি হলে প্রয়োজনীয় চিকিৎসা শেষে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

