সত্যজিৎ দাস (মৌলভীবাজার):
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলসংলগ্ন দুর্গম হামহাম জলপ্রপাত এলাকায় আটকে পড়া ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ,ট্যুরিস্ট পুলিশ,ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা।
সোমবার (২০ জুলাই) সকালে ঢাকা থেকে ১০ সদস্যের একটি পর্যটক দল হামহাম জলপ্রপাত দেখতে আসে। জলপ্রপাতে যাওয়ার পথে দলের এক সদস্য দুর্গম পাহাড়ি পথে পিছলে পড়ে হাতে আঘাত পান। আহত সহযাত্রীকে নিয়ে দুর্গম পথ পাড়ি দিয়ে ফিরে আসা সম্ভব না হওয়ায় তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে সহায়তা চান।
খবর পেয়ে বিকেল ৩টার দিকে কমলগঞ্জ থানা পুলিশ বিষয়টি জানতে পারে। পরে কমলগঞ্জ থানা পুলিশ,ট্যুরিস্ট পুলিশ,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং স্থানীয় লোকজনের সমন্বয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়।
দীর্ঘ প্রচেষ্টার পর বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে আটকে পড়া ১০ পর্যটককে নিরাপদে উদ্ধার করা হয়। পরে আহত পর্যটককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া অন্য পর্যটকরা সুস্থ রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
স্থানীয়রা জানান,হামহাম জলপ্রপাতের পথ দুর্গম ও ঝুঁকিপূর্ণ হওয়ায় পর্যটকদের সতর্কতার সঙ্গে ভ্রমণ করা প্রয়োজন।

