তৌহিদুর রহমান, ঝিনাইগাতী শেরপুর:
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সর্ববৃহৎ ব্যবসায়ী সংগঠন ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতি লিমিটেড এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকালে উপজেলার স্থানীয় ধানহাটি বাজারে সমিতির সভাপতি আলহাজ মো. মোখলেছুর রহমান খাঁনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করেন। পরে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
সমিতির কার্যনির্বাহী সদস্য জাহিদুল হক মনিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। প্রধান আলোচক ছিলেন ঝিনাইগাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শাহজাহান আকন্দ এবং সদস্য সচিব মো. লুৎফর রহমান।
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান ছালেহ আহমেদ, শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান মাসুদ হাসান মাসুম এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ। সভায় সমিতির বিগত অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন ও সদস্যদের সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। একই সঙ্গে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটও অনুমোদন দেওয়া হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে র্যাফেল ড্রয়ের মাধ্যমে উপস্থিত ৬০ জন সদস্যের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। এ সময় সমিতির সদস্যবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

