সত্যজিৎ দাস, (মৌলভীবাজার):
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। র্যাব-৯,সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল শুক্রবার (১৭ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাজঘাট ইউনিয়নের খেজুরী ছড়া চা বাগান এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
পরে তার সঙ্গে থাকা একটি কালো ব্যাগ তল্লাশি করে স্কচটেপে মোড়ানো অবস্থায় ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় বিপ্লব বাড়াইক (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কমলগঞ্জ উপজেলার মিরতিডাঙ্গা এলাকার বাচ্চু বাড়াইক বসাকের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি জানিয়েছেন,তিনি জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।
র্যাব জানায়,এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের জন্য গ্রেপ্তার ব্যক্তি ও জব্দ করা আলামত শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯,সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ শনিবার (১৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান,মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

